ভারতের আসামে বোড়োল্যান্ডের বিদ্রোহীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬-এ দাঁড়িয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় রাজ্যের চার জেলায় কারফিউ জারি করা হয়েছে।

সনিতপুর ও কোকড়াঝড় জেলায় মঙ্গলবার সন্ধ্যায় সনিতপুর ও কোকড়াঝড় জেলায় পাঁচটি হামলা চালায় ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড’র (এনডিএফবি) সংবিজিত শাখার সদস্যরা। এ ঘটনার পর বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে সামরিক বাহিনীর সদস্যরা।

ঘটনার পরদিন বুধবার আদিবাসীরা বোড়োদের ওপর পাল্টা হামলা চালায়। সনিতপুর ও চিরং জেলায় বুধবার সকালে পাঁচ বোড়োর লাশ পাওয়া গেছে। চিরং জেলায় বিক্ষুব্ধ আদিবাসীরা দুই বোড়োকে শিরশ্ছেদ ও কোকড়াঝড়ে ঘর-বাড়িতে আগুন দিয়েছে।

এদিকে আদিবাসীদের বিক্ষোভে গুলি ছুড়েছে পুলিশ। এতে ঢেকিয়াজুলি ও সনিতপুর জেলায় এ পর্যন্ত অন্তত তিন আদিবাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

চলমান সহিংসতা নিয়ন্ত্রণে কোকড়াঝড়, চিরং, উদালগুড়ি ও সনিতপুর জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

এ অবস্থায় ওই অঞ্চলের আদিবাসী ও বোড়োরা তাদের ঘর-বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ইতোমধ্যে অন্তত ৫ হাজার নাগরিক স্কুল ও চার্চগুলোতে আশ্রয় নিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার ঘটনাস্থল পরিদর্শন ও আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ’র সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

কেএইচ