উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ-জয়ের পন্থা নিয়ে  আলোচনা করেছেন। রোববার কিমের সভাপতিত্বে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ।
উত্তর কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে উপগ্রহ থেকে নেয়া ছবির ভিত্তিতে যখন ধারণা করা হচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো।
এ ছাড়া, বৈঠকে কিছু সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে। সাংগঠনিক বিষয় বলতে উত্তর কোরিয়ার কোনো কোনো শীর্ষস্থানীয় পদে সম্ভাব্য রদবদলের কথা বলা হয়েছে বলে কেউ কেউ মনে করছেন।
এ বৈঠকের আগে কিম আজ দূরপাল্লার কামানের মহড়া পরিদর্শন করেছেন বলে জানিয়েছে কেসিএনএ। খবরে বলা হয়েছে, পীত সাগরের উত্তেজনাপূর্ণ সীমান্তে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার দায়িত্ব দেয়া হয়েছে উত্তর কোরিয়া সেনাবাহিনীর কামান ইউনিটকে। মহড়ায় ব্যবহৃত সব গোলা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। পীত সাগরের বিতর্কিত সীমান্তে অতীতে বেশ কয়েক দফা রক্তক্ষয়ী নৌ সংঘর্ষ হয়েছে।
এর আগে গতকালও একটি মহড়া পরিদর্শনে গিয়ে আমেরিকার বিরুদ্ধে 'সম্ভাব্য' যুদ্ধের জন্য প্রস্তুত হতে তার দেশের সেনাদের প্রতি আহ্বান জানান কিম। এ সময় তিনি ঢিলেমি দূর করতে সেনাদের পরামর্শ দেন এবং সেনা কমান্ডারদের সঙ্গে সমালোচনা করেন। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]