মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরাইলের সাথে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে ‘গঠনমূলক’ আলোচনার জন্য ফিলিস্তিনি আলোচকদের সঙ্গে বুধবার দুই ঘন্টার বেশী সময় ধরে আলোচনা করেছেন। মার্কিন কর্মকর্তারা একথা জানান।

ইসরাইল ফিলিস্তিনিদের বিরাট এলাকা দখল করে নেয়ার ঘোষণা দেয়ার মাত্র কয়েকদিন পর তাদের মধ্যে এ আলোচনা হলো। উল্লেখ্য, ১৯৮০ সালের পর থেকে ইসরাইলের এটি ছিল সবচেয়ে বড় এলাকা দখলের ঘটনা। এদিকে ইসরাইলি দখলদারিত্বের অবসানে তিন বছরের সময় বেঁধে দিয়ে একটি প্রস্তাবের ব্যাপারে চাপ দিতে ফিলিস্তিনিদের পরিকল্পনা নিয়ে জাতিসংঘে নতুন করে সংঘাতের আশংকা করা হচ্ছে।

গত জুলাইয়ে গাজায় অত্র বিরতি আলোচনায় ওয়াশিংটনের ভূমিকা গৌণ হওয়ার পর থেকে ফিলিস্তিনি আলোচকদের সঙ্গে এটি ছিল কেরির প্রথম সরাসরি আলোচনা। ওই সময় মার্কিন এ শীর্ষ কূটনীতিক গাজা উপত্যকায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে অস্ত্র বিরতির মধ্যস্থতা করতে ব্যর্থ হন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, ‘কেরি আজ বিকেলে দুই ঘন্টারও বেশী সময় ধরে সায়েব ইরাকাত ও মজিদ ফরাজের সঙ্গে বৈঠক করেন।’

তিনি বলেন, ‘এটি ছিল একটি গঠনমূলক আলোচনা। এতে গাজা, ইসরাইলি-ফিলিস্তিনি সম্পর্ক এবং এ অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতিরসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।’ তিনি আরো জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা আবারো আলোচনায় বসার ব্যাপারে সম্মত হয়েছেন।

এ ছাড়া কেরি মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৪শ’ হেক্টর জমি দখল করে বসতি স্থাপনের ইসরাইলের নতুন পরিকল্পনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরাইলের প্রতি আহবান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এএফপিকে বলেন, গাজার ব্যাপারে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ফিলিস্তিনিদের বর্তমান পরিকল্পনা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করতে তারা বুধবারের এ বৈঠকের অনুরোধ জানিয়েছিল।

উল্লেখ্য, গাজা উপত্যকায় ইসরাইলের ব্যাপক বিমান হামলায় ২ হাজার ১শ’ জনের বেশী ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এদের প্রায় ৭০ ভাগ বেসামরিক নাগরিক। গত সপ্তাহে মিশরের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি স্থায়ী অস্ত্র বিরতি চুক্তি হওয়ায় এ সংঘাত বন্ধ হয়।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ