আফগানিস্তানে তালেবান তাদের প্রথম সংবাদ সম্মেলন শুরু করেছেন। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ক্যামেরার সামনে প্রথমবারের মত কথা বলছেন।
তিনি বলেন, “বিশ বছরের সংগ্রামের পর আমরা (দেশকে) মুক্ত করেছি এবং বিদেশিদের বহিষ্কার করেছি।”
“গোটা জাতির জন্য এটা গর্বের মুহূর্ত।” খবর বিবিসি’র।
তিনি বলেন, “আফগানিস্তান যাতে একটা যুদ্ধ ক্ষেত্র বা সংঘাতের দেশ না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই।”
“আমাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের সবাইকে আমরা ক্ষমা করেছি। আমরা শত্রুতার অবসান চাই।”
তিনি বলেন, “আমরা ঘরে ও বাইরে কোথাও কোন শত্রু চাই না," বলেন মি. মুজাহিদ। "কাবুলে আমরা কোন বিশৃঙ্খলা চাই না।”
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “আফগানিস্তানের স্থিতিশীলতা ও শান্তির জন্য আমরা সবাইকে ক্ষমা করেছি।”
“আমাদের যোদ্ধা, আমাদের জনগণ, সব পক্ষ, সব উপদল, সবার অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করব।”
তিনি বলেন, “যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে, তারা মারা গেছে শত্রুপক্ষের হয়ে লড়াই করতে গিয়ে। তারা প্রাণ হারিয়েছে নিজেদের দোষে। আমরা মাত্র কয়েকদিনের মধ্যে গোটা দেশ জয় করে নিয়েছি।” “সরকার গঠনের পর সব কিছু পরিষ্কার হবে।”
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “সরকার গঠনের পর আমরা সিদ্ধান্ত নেব এবং দেশের জনগণকে জানাব দেশ কোন আইনে চলবে।”
“আমি স্পষ্ট বলতে চাই সরকার গঠনের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাজ সম্পূর্ণ হলে আমরা এ বিষয়ে ঘোষণা দেব।”
তিনি বলেন, “দেশের সব ক’টি সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে।”
এমবি





