ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, ‘মমতা দিদি (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) পশ্চিমবঙ্গকে মোদির হাতে তুলে দিন। তাহলেই আগামী পাঁচ বছরে সোনার বাংলা গড়ে উঠবে। বিজেপির হাতে পড়ে বাংলা সোনার বাংলা গড়ে উঠবে। তবে সেদিন আর বেশি দূরে নয়। পশ্চিমবঙ্গে বিজেপির শাসন এবার অবশ্যম্ভাবী।’ তিনি আরো বলেন, ‘মমতা পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে।’

আজ রোববার কলকাতায় আয়োজিত সমাবেশে এসব কথা বলেন অমিত শাহ। সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।     

অমিত শাহ দাবি করেন, ‘বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে বিধানসভা ভোটে। লোকসভা ভোটেই সেই আভাস মিলেছে। পশ্চিমবঙ্গে ৪২ জনের মধ্যে ১৮ জন বিজেপি সাংসদ দিল্লি গেছেন। এবার বিধানসভা ভোটে ২৯৪ আসনের লড়াইয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবেই। আর তা হলেই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ব আমরা।’

অমিত শাহ এদিন অভিযোগ করে বলেন,  ‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। এই বাংলায় এখন কিছু নেই। রামকৃষ্ণ ও বিবেকানন্দের সোনার বাংলাকে আবার ফিরিয়ে আনতে পারেন একমাত্র  নরেন্দ্র মোদিই।’

অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেই বিজেপিকে বাংলায় আর আটকাতে পারবেন না। এর আগে অনেক চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আটকাতে পারেননি। বিজেপি নেতাকর্মীদের হেলিকপ্টার  নামতে দেওয়া হয়নি, সভার অনুমতি দেওয়া হয়নি। তবু বিজেপির লোকসভায় আসন ২ থেকে বেড়ে ১৮ হয়েছে।’

অমিত শাহ বলেন, ‘মমতা দিদি বাংলার মানুষ আপনাকে চিনে নিয়েছে। বাংলায় স্বৈরাচারী শাসন অবসানের জন্য লড়াই চলছে। বাংলা আর অন্যায় সহ্য করবে না। শ্রীরামচন্দ্র, রামকৃষ্ণ, সুভাষচন্দ্রের মাটিকে প্রণাম। কোনো শাহজাদা বাংলার মুখ্যমন্ত্রী হবেন না।’

কলকাতায় দাঁড়িয়ে অমিত শাহ দাবি করেন, ‘সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়। বাংলার মাটিতে শরণার্থীদের আজ  ভয় দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় যেতে বলা হচ্ছে। আমি বলছি, কোত্থাও যেতে হবে না। যাঁরা উদ্বাস্তু  তাঁদের নাগরিকত্ব দেবে বিজেপি।’

তবে এদিন অমিত শাহ কলকাতায় পা রাখতেই ‘গো ব্যাক’ স্লোগানে সরগরম হয়েছে শহর। কালো পতাকা নিয়ে বিমানবন্দর, ধর্মতলাসহ বিভিন্ন  এলাকায় বিক্ষোভ করে বামফ্রন্ট ও কংগ্রেস।

এমআর