ফের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মালয়েশিয়ান সরকার। নতুন করে শুরু হওয়া ধরপাকড়ে এ পর্যন্ত ৬০ বাংলাদেশীসহ আটক করা হয়েছে ১৫৪ অবৈধ অভিবাসীকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব শ্রমিক এখনো অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করছেন তাদেরকে টার্গেট করেই এই অভিযান শুরু হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন পুলিশ সোমবার রাতেই এরকম ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৬০ জনই বাংলাদেশিযা একক দেশ হিসেবে সবচেয়ে বেশি।

মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার-এর খবরে বলা হয়েছে, সোমবার গভীর রাতে রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সান কমপ্লেক্সে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় সেখানে বসবাসরত ৪৩৫ জনের কাজগপত্র যাচাই করা হয়। তারা মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ৩২ নারীসহ ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে, দেশটির অভিবাসন পুলিশের অভিযানে সান কমপ্লেক্সের ৪৩৫ জনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সর্বোচ্চ সংখ্যক ৬০ বাংলাদেশি, ২২ ইন্দোনেশীয়, ৩৫ মিয়ানমারের নাগরিক, ১৯ নেপালি, ছয় পাকিস্তানি, সাত ফিলিপাইনের নাগরিক, একজন ভারতীয়, চারজন ভিয়েতনামের নাগরিক।

জানা গেছে, অভিবাসন পুলিশসহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থার ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেন।

এদিকে, সান কমপ্লেক্সে পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানে ৩২ বছর বয়সী এক নারী পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় পুলিশ প্রধান অমর সিং ইশার বলেন, অভিযান চলাকালে ওই নারী পালাতে গিয়ে পড়ে যান। তার মরদেহ কুয়ালালামপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।

কেবি