কাশ্মির নিয়ে ভারতকে ফের হুঁশিয়ারি উচ্চারণ করল পাকিস্তান। বুধবার পাকিস্তান সেনাপ্রধান রাহিল শরিফ কাশ্মিরকে পাকিস্তানের প্রধান অংশ হিসেবে অভিহিত করেন। কাশ্মির উপত্যকার মানুষের লড়াইকে ইসলামাবাদ কূটনৈতিক ও নৈতিকভাবে সমর্থনও করে যাবে জানান তিনি।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান প্রতিরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাশ্মিরের মানুষের অধিকারের এই লড়াই ও ত্যাগকে সাধুবাদ জানালেন রাহিল শরিফ। পাকিস্তান তাদের এই লড়াইকে সমর্থনও করে যাবে বলে জানিয়েছেন।
তার দাবি অনুযায়ী বর্তমানে পাকিস্তানের যে সেনা শক্তি আছে তা অপরাজেয়।
তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষমতা পূর্বেও শক্তিশালী ছিল, কিন্তু বর্তমানে তাদেরকে হারানো অসম্ভব। তার মতে পাক সেনা শত্রুপক্ষের সমস্তরকম ষড়যন্ত্র সম্বন্ধে যথেষ্ট অবগত। সেনাপ্রধান আরো বলেছেন, সামরিক বা কূটনৈতিক, সীমান্তে বা দেশের মধ্যে যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত পাকিস্তান। দেশের মিত্র বা বন্ধু কারা, তাও পাকিস্তানের জানা রয়েছে।
চীন –পাকিস্তান সম্পর্ক নিয়েও এদিন মুখ খোলেন শরিফ। তার মতে একটি সম্পর্ক দাঁড়িয়ে থাকে পরস্পরকে সম্মান ও নীতির মিলের উপর। আর এটিই নাকি পাকিস্তান ও চীনের সম্পর্ককে সুন্দর করে তুলেছে।
এফএফ





