তিকরিত শহরের চারপাশের বেশ কয়েকটি জেলা পুনর্দখলে নেওয়ার দাবি করেছে ইরাকি সরকারি বাহিনী। খবর বিবিসির।
আইএস (ইসলামিক স্টেট) সদস্যদের দখলমুক্ত করতে ওই অঞ্চলে ইরাকি সামরিক বাহিনী ও আঞ্চলিক যোদ্ধাদের সম্মিলিত বাহিনী অভিযান চালাচ্ছে। প্রায় ৩০ হাজার সদস্য আইএসবিরোধী এ অভিযানে অংশ নিয়েছে। তাদের সহায়তায় ইরাকি যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে।
শিয়া যোদ্ধাদের এক কমান্ডার গত সোমবার জানিয়েছেন, ইরানি রেভ্যুলেশনারি গার্ডের এক কমান্ডার এই অভিযানে অংশ নিয়েছেন।
সামরিক বাহিনীর সূত্রে জানা গেছে, সরকারপন্থী সেনারা তিকরিত বিশ্ববিদ্যালয়ের কাছে উত্তর-পূর্বে অবস্থিত আল-তিনের দুটি জেলা ও পশ্চিমের আল-আবেদ জেলার পুনর্দখল নিয়েছে।
এর আগে তিকরিতের দক্ষিণ-পূর্বে আল-দৌর, উত্তরের আল-আলম এবং নিকটস্থ কাদিসিয়া জেলায় লড়াই অব্যাহতের কথা জানানো হয়।
হতাহতদের সম্পর্কে বেশি কিছু জানানো না হলেও সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত পাঁচ সেনা ও ১১ যোদ্ধা নিহত হয়েছে।
গত বছরের জুনে বাগদাদের উত্তরে অবস্থিত তিকরিত শহরের দখল নেয় আইএস।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এ অভিযানে তারা বিমান হামলার মাধ্যমে সহযোগিতা করছে না।
পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এটা ইরাকের নিজস্ব লড়াই।
এর আগে গত রবিবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সালাহউদ্দিন প্রদেশ থেকে আইএস হটাতে অভিযান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ প্রদেশটিতে এর আগে সুন্নি যোদ্ধারা আইএসের কাছে পরাজয় স্বীকার ও তাদের অধীনতা মেনে নেওয়ার ঘটনায় ক্ষমার ঘোষণাও দিয়েছেন তিনি।
ইআর





