শ্বেতাঙ্গ কৃষকদেরকে কৃষিজমি কৃষ্ণাঙ্গদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

রবার্ট মুগাবে তার সমর্থকদের এক র‌্যালিতে শ্বেতাঙ্গদের উদ্দেশ্যে বলেন, "শ্বেতাঙ্গদেরকে আমরা বলতে চাই, তারা যেন আমাদের দখলকৃত জমি ছেড়ে দেয়। জমি ছেড়ে তাদের চলে যাওয়া উচিত।"

মুগাবের এই মন্তব্যকে বর্ণবাদী এবং খুবই পরিতাপের বলে উল্লেখ করেছে দেশটির শ্বেতাঙ্গদের সংগঠনগুলো।

প্রেসিডেন্টের সমালোচকেরা বলে থাকেন, শ্বেতাঙ্গদের অধিকারে থাকা কৃষি জমি সরকার দখলে নেয়ার কারণেই ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশে চরম অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল।

উল্লেখ্য, ৯০ বছর বয়সী মুগাবে ১৯৮০ সাল থেকে দেশটির ক্ষমতায় বহাল আছেন।

বিবিসি'র জিম্বাবুইয়ান বিশ্লেষক স্ট্যানলি কেওয়েন্ডা বলেন, দেশের ভূমির মালিকানার পুনর্গঠন কাজ দুই বছর আগেই সম্পন্ন করেছে। এখন আবার এ বিষয়ে প্রেসিডেন্টের মন্তব্য খুবই বিস্ময়কর।

বিবিসির একজন সাংবাদিক জানান, দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং কৃষি ফার্মগুলোর বন্ধ হয়ে যাচ্ছে। জনগণের মনোযোগ এদিক থেকে ভিন্নখাতে নেওয়ার জন্যই মুগাবে এই ইস্যুটিকে সামনে নিয়ে এসেছেন।

র‌্যালি অনুষ্ঠানে মুগাবে তার সমর্থক কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্যে বলেন, "শ্বেতাঙ্গ কৃষকদের প্রতি বেশি দয়াপরবশ হবে না। এই ভূমি তোমাদের, তাদের নয়। তাদের উচিত কলকারখানায় চলে যাওয়া এবং এই জমি কৃষ্ণাঙ্গদের জন্য ভূমি ছেড়ে দেয়া।"

প্রেসিডেন্ট মুগাবের এই মন্তব্যে শ্বেতাঙ্গদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিয়েছে বলে জানা গেছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ০৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ