লাতিন আমেরিকার কয়েকটি দেশ সফর শেষে সোমবার দেশে ফেরার কথা ভেনিজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গাইদোর। এ উপলক্ষ্যে এদিন তিনি স্থানীয় সময় সকাল ১১টায় গণ জমায়েতের ডাক দিয়েছেন দেশে।
কিন্তু তার বিদেশ সফরের ওপর দেশটির সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে। তা সত্ত্বেও সীমান্ত অতিক্রম করে তিনি গত মাসে কলম্বিয়া যান। সেখান থেকে লাতিন আমেরিকার বেশ কিছু দেশ সফর করেন। এ সময়ে কলম্বিয়ায় সাক্ষাত করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সঙ্গে। তার বিরুদ্ধে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার যে অবস্থান নিয়েছে তাতে তিনি দেশে ফিরলে কি অবস্থা সৃষ্টি হবে তা নিশ্চিত নয়।
এ খবর দিয়ে অনলাইন বিবিসি লিখেছে, গাইদো দেশে ফিরবেন কিভাবে তা এখনও পরিষ্কার নয়।
এটাও পরিষ্কার নয় যে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন মাদুরো। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি সতর্ক করেছেন মাদুরোকে। তিনি বলেছেন, যদি গাইদোর কোনোও রকম ক্ষতি হয় তাহলে তাতে উত্তেজনা মারাত্বক আকার ধারণ করবে এবং তাতে আন্তর্জাতিক নিন্দার ঝড় বয়ে যাবে।
উল্লেখ্য, হুয়ান গাইডোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে কমপক্ষে ৫০ টি দেশ। তিনি দাবি করেছেন, নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট পদ ত্যাগ করতে হবে। তবে মাদুরোর দাবি তিনিই বৈধ প্রেসিডেন্ট। তাকে সমর্থন করছে চীন, রাশিয়া ও কিউবা।
ভেনিজুয়েলায় দ্বিতীয়বার বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। তিনি শপথ নেন জানুয়ারিতে। তবে তার প্রেসিডেন্সির অধীনে ভেনিজুয়েলা মারাত্মক অর্থনৈতিক সঙ্কটে ভুগছে। এমন সুযোগে জানুয়ারিতেই জাতীয় পরিষদে বিরোধী দলের প্রধান হুয়ান গাইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা দেন। এর ফলে সেখানে মারাত্মক এক অস্থিরতা সৃষ্টি হয়েছে। দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের কথাও বলা হয় যুক্তরাষ্ট্রের তরফ থেকে। এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যদি ভেনিজুয়েলাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয় তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে সতর্ক করেন বিশ্লেষকরা। এ অবস্থায় কয়েক লাখ মানুষ দেশটি থেকে পালিয়ে গেছেন। তাদের কিছু সংখ্যকের সঙ্গে রোববার ইকুয়েডরে সাক্ষাত করেছেন হুয়ান গাইদো।
ওদিকে বিরোধী দলের আহ্বানে আসা মানবিক ত্রাণ সহায়তা যাতে দেশের ভিতরে প্রবেশ করতে না পারে সে জন্য সব সীমান্ত বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
জেড





