ভারতের পাঞ্জাব রাজ্যের নেশার জালকে ঘিরে নির্মিত চলচ্চিত্র ‘উড়তা পাঞ্জাব’-এর ছায়া দেখা গেল বাস্তবের পাঞ্জাবেও! নেশার টাকা জোটাতে মরিয়া ছেলে খুন করল মাকে। রাজ্যের মানসা জেলায় গত বুধবার এ ঘটনা ঘটে। মাকে খুনের অভিযোগে ১৬ বছরের ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের কাছে অভিযোগে ওই যুবকের বাবা জানান, দীর্ঘদিন ধরেই তাঁর ছেলে নেশাসক্ত। প্রথম দিকে পকেটমানি থেকে এই খরচ জোটাত সে। সম্প্রতি ছেলে নেশাগ্রস্ত জানতে পেরে পকেটমানি বন্ধ করে দেন মা। এরপর শুরু হয় রোজ টাকার জন্য জোরাজুরি। জোরাজুরি এমন মাত্রায় পৌঁছায় যে নেশাগ্রস্ত কিশোর সুযোগ বুঝে বাবার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রটিও চুরি করে নেয়।

এরপর গত বুধবার মায়ের সঙ্গে কথাকাটাকাটির সময়ে সেটি দিয়েই মাকে গুলি করে খুন করে ওই কিশোর। ঘটনার সময় বাবা কুলদীপ সিংহ বাড়ির বাইরে ছিলেন। ফিরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় তাঁর স্ত্রী পড়ে রয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে ঘটনার পর এক নেশার আড্ডা থেকে ১৬ বছরের ওই কিশোরকে আটক করে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

জেড