আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল আগামী শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এএপি নেতা আশুতোষ সাংবাদিকদের জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে রামলিলা ময়দানে। মঙ্গলবার নবনির্বাচিত এমএলএ’র এক বৈঠকে কেজরিওয়ালকে এএপি আইনপ্রনেতা দলের নেতা নির্বাচন করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আম আদমি পার্টি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে। কেজরিওয়াল কাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন।
এদিকে বৈঠকের পর দলের সিনিয়র নেতাদের নিয়ে কেজরিওয়াল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের সঙ্গে সাক্ষাত করেন এবং নতুন সরকার গঠনের ব্যাপারে তার সহযোগিতা চান।
নিয়ম অনুযায়ী গভর্ণর এখন সরকার গঠনের জন্য তার সুপারিশ সম্বলিত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পাঠাবে। যদিও এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। এদিকে কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্ণরকে তার এএপি আইনপ্রণেতা দলের নেতা নির্বাচিত হওয়ার কথা জানিয়েছেন। সূত্র মতে, আগামী ১৪ ফেব্রুয়ারি কেজরিওয়ালের ছয় সদস্য বিশিষ্ট মন্ত্রীসভা শপথ নেবে।
উল্লেখ্য, দিল্লির বিধান সভার নির্বাচনে মোট ৭০টি আসনের মধ্যে আম আদমি পার্টি ৬৭টি আসনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছে। নির্বাচনে বিজেপি তিনটি আসনে জয় পেলেও কংগ্রেস একটিতেও জিততে পারেনি।
এদিকে আম আদমি পার্টি জানিয়েছে, তারা দিল্লির বিধান সভায় বিজেপিকে বিরোধী দলীয় নেতার পদের প্রস্তাব দিতে প্রস্তুত। যদিও দলটি নূন্যতম সাতটি আসন পেতেও ব্যর্থ হয়েছে।
জেডআই





