১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত ঘটে যাওয়া বসনিয়া যুদ্ধে গণহত্যা এবং অন্য অপরাধের দায়ে দেশটির সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন জাতিসঙ্ঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্রিমিনাল ট্রাইব্যুনালস ফর ইউএন ইন্টারন্যাশনাল রেসিডুয়াল মেকানিজমের পাঁচ বিচারকের রায়ে এটি ঘোষণা করা হয়। একই সাথে এই রায় চূড়ান্ত এবং এরপরে আর আপিল করা যাবে না বলে উল্লেখ করা হয়।

ইউরোপের দেশ বসনিয়ায় যুদ্ধকালীন সময়ে ১৯৯৪ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানী সারায়েভো অবরোধ করে রাখা সার্বিয়ার মদদপুষ্ট বসনিয়ার সার্ব বাহিনী মারকালে বাজারের ওপর গোলাবর্ষণ করলে ৬৮ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হন।

১৯৯৫ সালের ২৮ আগস্ট মারকালে বাজারে দ্বিতীয়বার সার্ব বাহিনী হামলা করে। মর্টারের গোলাবর্ষণে ওই হামলায় ৪৩ জন নিহত ও ৭৫ জন আহত হন।

বসনিয়ায় ৪৪ মাসের যুদ্ধে সারায়েভোতে মোট ১১ হাজার ৫৪১ জন নিহত হয়েছিলেন যারমধ্যে এক হাজার ৬০১ শিশু অন্তর্ভুক্ত।

এ ঘটনায় সাবেক সার্বীয় নেতা রাদোভান কারাদিচকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারে অন্য অপরাধের সাথে সাথে মারকালে বাজারে এই গণহত্যার সাথে যুক্ত থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এছাড়া বসনিয়ার সার্ব সেনা অধিনায়ক রাতকো ম্লাদিচকে সারায়েভো ও বসনিয়ার অন্য স্থানগুলোতে সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাস ও জাতিগত নিধনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

১৯৯৫ সালে সেব্রেনিৎসার গণহত্যায় আট হাজারের বেশি মুসলিম ব্যক্তি ও বালককে হত্যার অভিযোগে আদালত তার সংশ্লিষ্টতা পায়।

অন্য অপরাধসহ মারকালে গণহত্যায় যুক্ত থাকায় আন্তর্জাতিক অপরাধ আদালত বসনিয়ার সার্বদের সশস্ত্র বাহিনীর সারায়েভো-রোমানিয়ার কমান্ডার দ্রাগোস্লাভ মিলোসেভিচকে ২৯ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সূত্র : আলজাজিরা

এমআর