নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার ‘আচ্ছে দিন’র (সুদিন) কথা বললেও আসলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করেছেন ভারতে সিপিএমের সাধারণ সম্পাদক ও পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি।
মঙ্গলবার (০৫ নভেম্বর) তিনি ওই মন্তব্য করেন। সীতারাম ইয়েচুরি বলেন, “বেহাল অর্থনীতির জন্য চাকরি হারাতে হচ্ছে ছেলে-মেয়েদের। দৈনন্দিন জীবনযাত্রার উপরে যার প্রভাব পড়ছে। এজন্য কেন্দ্রীয় মোদি সরকারের চূড়ান্ত অপদার্থতাই দায়ী। কারণ, দেশের অর্থনীতির হাল কীভাবে ফেরানো সম্ভব, তা নিয়ে এই সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনাই নেই।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ৮ নভেম্বর আচমকা ঘোষণা করেন ওইদিন মধ্য রাত থেকে পাঁচশ’ ও এক হাজার টাকার নোট বাতিল করা হচ্ছে। দেশজোড়া ‘কালো টাকা’র অবাধ লেনদেন রুখতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার সেসময় সাফাই দিয়েছিল।
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির অভিযোগ, গত তিন বছরে বারবার প্রমাণিত হয়েছে, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল। কেন্দ্রের ওই সিদ্ধান্তের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গরিব মানুষেরা। নোটবন্দির প্রভাবে২০১৭-১৮ আর্থিক বছরে শুধুমাত্র দুগ্ধ শিল্পেই প্রায় ৬০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।
সীতারাম ইয়েচুরি বলেন, “নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রথম পঞ্চাশ দিন পরে যদি দেখা যায় এটি সফল হয়নি, তাহলে তিনি যাবতীয় শাস্তি মাথা পেতে নেবেন। নরেন্দ্র মোদি কী তাঁর প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন?”
নোট বাতিলের তিন বছর পূর্তিকে সামনে রেখে এভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রীর সমালোচনায় সোচ্চার হয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
এমবি





