যুক্তরাষ্ট্রের চাপের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ইরানবিরোধী বৈঠক ব্যর্থ হয়েছে। ইরানে সাম্প্রতিক সময়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন এই বৈঠকের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পরিষদের বেশির ভাগ সদস্যদেশ যুক্তরাষ্ট্রের উদ্যোগের বিরোধিতা করে।

শুক্রবার রাতে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলাম আলী খোশরু যুক্তরাষ্ট্রে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর আচরণের কথা স্মরণ করে দেন। তিনি বলেন, ইরানের ব্যাপারে কথা বলার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

তিনি বলেন, দুঃখজনকভাবে মার্কিন সরকারের নির্বুদ্ধিতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এমন একটি বিষয়ে বৈঠকে বসেছে যে বিষয়টি নিয়ে কাজ করা এই পরিষদের দায়িত্ব নয়।

খোশরু বলেন, ইরানের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বৈঠক না করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত ফিলিস্তিনি ভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের দীর্ঘদিনের দখলদারত্ব কিংবা ইয়েমেনের নিরস্ত্র জনগণের ওপর সৌদি আরবের তিন বছরের বর্বরোচিত আগ্রাসন নিয়ে আলোচনা করা। কিন্তু দুঃখজনকভাবে, সেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে মার্কিন নিরাপত্তা বাহিনীগুলোর বিগত কয়েক দশকের বর্বর আচরণের কিছু ঘটনা তুলে ধরে বলেন, এসব ঘটনা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা তো দূরের কথা কেউ সেসব প্রসঙ্গ জাতিসংঘে উত্থাপনের কথাও চিন্তা করেনি।

এমআর