পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে তিন সিনিয়র ছাত্র মিলে প্রথম বর্ষের এক ছাত্রীকে বিবস্ত্র করে ছবি তুলেছে এবং টাকা না দিলে এ সব ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দিয়েছে।

বিশ্ব ভারতীর যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির কাছে এ হেনেস্থার বিষয়ে অভিযোগ করে সংশ্লিষ্ট ছাত্রী আরো বলেছেন, হুমকির মুখে তিনি ৪,০০০ রুপি দিতে বাধ্য হয়েছেন। এ অপরাধে জড়িত তিন জনের মধ্যে দু’জন দ্বিতীয় এবং একজন প্রথম বর্ষের ছাত্র বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে এ ন্যক্কারজনক ঘটনার পর তিন ছাত্রই গা ঢাকা দিয়েছে।

ছাত্রীকে তার বাবা গতকাল সন্ধ্যায় নিয়ে গেছেন। বিশ্ব ভারতীর নিরাপত্তা বাহিনী একটি গাড়ি দিয়ে তাদেরকে রেল স্টেশনে পৌঁছে দিয়েছে। অবশ্য এ ঘটনার ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি।

গত ৮ আগস্ট ঘটনাটিও ঘটলেও বাবা আসার পর ২৬ আগস্ট এ ঘটনার বিষয়ে অভিযোগ করেন ছাত্রীটি। এ ঘটনার পর ছাত্রীটি অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে এক দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলে তার বাবা জানিয়েছেন। এ ছাড়া, তিনি যাতে পুলিশের কাছে অভিযোগ না করেন সে জন্য বিশ্ব ভারতী তার ওপর চাপ দিয়েছে এবং এর বিনিময়ে ছাত্রীকে পোশাক কেনার জন্য অর্থ দিতে চেয়েছে বলে বাবা অভিযোগ করেন।

কিন্তু বিশ্ব ভারতীর ভাইস চ্যান্সেলর সুশান্ত দত্ত এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনা শোনার পরই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ কমিটিকে জানানো হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র: আইআরআইবি