শ্রীলংকার রাজধানী কলম্বোতে ৩টি গির্জা ও ৩টি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণে এ পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিল তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, নিহত হয়েছে আনুমানিক ৪৯ জন এবং আহত হয়েছে আরও প্রায় দুই শতাধিক। তবে নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

কলম্বো ন্যাশনাল হাসপাতাল জানিয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন এই হামলা চালানো হয়েছে।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেছেন, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, ওই সময় ইস্টার সানডের প্রার্থনায় অংশ নিতে গির্জাগুলোয় মানুষজনের উপড়ে পড়া ভিড় ছিল।

খবরে বলা হয়েছে, হামলার শিকার হওয়া গির্জাগুলোর মধ্যে কোটাহেনার কোচচিকাদের সেন্ট অ্যান্থনি চার্চ এবং কাটানার কাটুওয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিয়ান চার্চও ছিল। এ ঘটনায় বহু লোক হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলম্বোর ২টি ও পাশ্ববর্তী অঞ্চলের ১টি  বিলাসবহুল হোটেল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। 

তবে এখনও পর্যন্ত কোনও গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি। 

এএস