লেবার কাউন্সিলর নাদিয়া শাহ ব্রিটেনে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নারী মেয়র নির্বাচিত হয়েছেন।

ক্যামডেন কাউন্সিলে বুধবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম মুসলিম নারী মেয়র।

বছরখানেক আগে ক্যামডেনের রিজেন্ট পার্কের কাউন্সিলর নির্বাচিত হন নাদিয়া শাহ। এ পদে থেকে তিনি এমন কিছু ইতিবাচক পদক্ষেপ নেন যা ক্যামডেনের নাগরিকদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। ক্যামডেনে জন্ম নেয়া নাদিয়ার পৈতৃক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়।

স্বামী জলিল শাহ ক্যামডেন কাউন্সিলের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। নাদিয়ার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ও মা আম্বিয়া ইসলাম মেয়ের এ অর্জনে গর্বিত।

নাদিয়ার বাবার স্বপ্ন ছিল তার মেয়ে এমন কিছু করবেন যেন তিনি হয়ে উঠতে পারেন সবার জন্য অনুকরণীয়। মেয়র নির্বাচিত হওয়ার পর এমন অভিব্যক্তি জানালেন নাদিয়ার বাবা।

ওএফ