ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে একটি ভবন ধসে একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। বুধবার রাতে বানদা জেলার আত্তারা এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা একই পরিবারের সদস্য। ভবন ধসে পড়ার সময় তারা তাদের ঘরের বাইরে বসে ছিলেন।
রাম লক্ষণ নামের এক প্রতিবেশী জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় পরিবারের সব সদস্য তাদের ঘরের বাইরে বসেছিল। তাদের পাশেই ছিল পরিত্যক্ত একটি ভবন। হঠাৎ করে ওই ভবনটি ধসে পড়লে তারা সবাই চাপা পড়ে।
তিন নারী ও চার শিশু ঘটনাস্থলেই মারা যায়। আহত দুই পুরুষকে হাসপাতালে ভর্তি করা হলে তারাও মারা যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
এআর





