এক দিনের ব্যবধানে আবারও ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। প্রাণ গেল ৩৯ জনের। তবে এবারের হামলাটি ছিল আত্মঘাতী গাড়িবোমা হামলা। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
হতাহতের বেশির ভাগই ছিলেন দিনমজুর। তাঁরা কাজের জন্য সদর সিটির চৌরাস্তায় অপেক্ষা করছিলেন।
বর্ষবরণের আগের দিন গত শনিবার মধ্য বাগদাদের আল-সিনেক এলাকায় ব্যস্ত এক বাজারে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল। এতে অন্তত ২৭ জন নিহত হন।
আজকের ঘটনা সম্পর্কে এএফপির প্রতিবেদনে বলা হয়, ঘটনার কিছু সময় পর সামাজিক যোগাযোগ সাইটে বিস্ফোরণের ছবি পোস্ট করা হয়। সেখানে আকাশের দিকে প্রচুর কালো ধোঁয়া ও গুরুতর আহত লোকজনকে সরিয়ে নিতে দেখা যায়।
একজন পুলিশ কর্মকর্তা জানান, তিন দিনের মধ্যে এটি বড় ধরনের দ্বিতীয় হামলা। এতে অন্তত ৩৯ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।
জারিফ





