বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গোটা বিশ্বই কার্যত লকডাউন অবস্থায় আছে। এতে করে সবচেয়ে বিপদে আছেন নিম্ন আয়ের মানুষেরা। করোনা ফলে বিশ্ব অর্থনীতিও ভয়াবহ রকমের বিপর্যয়ের সন্মুখীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৮৫টি দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮২টি দেশ পুরোপুরি বা আংশিকভাবে লকডাউন প্রয়োগ করেছে।
কিন্তু এই লকডাউনে পুরো অর্থনীতি অচল হয়ে পড়ার কারণে বিশ্বের অনেক দেশ লকডাউন শিথিল করার কথা ভাবতে শুরু করেছে।
বিশ্ব খাদ্য সংস্থা সতর্কবাণী দিয়েছে যে, অর্থনীতি এভাবে চলতে থাকলে বিশ্বের অন্তত ৩ কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।
আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে যে, করোনাভাইরাসের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় বিশ্বের প্রবৃদ্ধি তিন শতাংশ হারিয়ে যেতে পারে।
বুধবার (২২ এপ্রিল) এই খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে ১২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৯০ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের ২৫ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। ১ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। তবে প্রায় ৭ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
এমবি





