ফ্রান্সের দু'টি পরমাণু কেন্দ্রের ওপর দিয়ে আবারো কয়েকটি পাইলট বিহীন বিমান বা ড্রোন উড়ে গেছে।
দেশটির নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বলেছেন, ড্রোনের মতো দেখতে কিছু উড়ন্ত বস্তুকে গতরাতে দু'টি পরমাণু কেন্দ্রের ওপর দিয়ে উড়তে দেখা গেছে।
পরমাণু কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত পুলিশ কর্তৃপক্ষ এসব ড্রোন শনাক্ত করতে সক্ষম হলেও সরাসরি হুমকি সৃষ্টি না করার কারণে সেগুলোকে ধ্বংস করা হয়নি বলে তিনি জানান।
ফ্রান্সের জাতীয় জ্বালানি কোম্পানি ‘ইডিএফ’ বলেছে, উত্তরাঞ্চলীয় পেনলিতে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুলফেচ এলাকায় অবস্থিত দু'টি পরমাণু কেন্দ্রে সর্বসাম্প্রতিক এ ঘটনা ঘটেছে।
চলতি মাসে অন্তত ছয়টি ড্রোন বিভিন্ন পরমাণু বিদ্যুত কেন্দ্রের ওপর দিয়ে চক্কর দিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এ বিষয়ে পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।
পরমাণু কেন্দ্রগুলোর ওপর দিয়ে কোনো বাধা ছাড়াই ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় ফ্রান্সের পরমাণু কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন
দেখা দিয়েছে। ভিন্ন কোনো দেশ এসব ড্রোন গোয়েন্দাবৃত্তির কাজে ব্যবহার করছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ইআর





