মিশরের সিনাই উপদ্বীপে দুটি পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও ৪১ জন আহত হয়েছে বলে দেশটির জরুরি বিভাগ জানিয়েছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে সিনাইয়ের শারম আল শেখ পর্যটন কেন্দ্র থেকে ৫০ কিলোমিটার দূরে দুই বাসের সংঘর্ষ হয়। নিহতদের অধিকাংশই ইউক্রেইন, সৌদি আরব ও ইয়েমেনের নাগরিক।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বেঁচে যাওয়াদের উদ্ধারে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মিশরের রষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনার প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার শিকার বাসের যাত্রীরা কায়রো যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি পর্যটকবাহী বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।
গত নভেম্বরেও মিশরে বাস-ট্রেন সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছিল। রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছিল।
এর আগে ২০১২ সালে কায়রোতে স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ৫০ জন শিশু নিহত হয়।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





