কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের জঙ্গীদের হাতে নিহত ব্রিটিশ সাহায্যকর্মী ডেভিড হাইনেজের ভাই পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে এক আবেগময়ী বক্তব্যে বলেছেন, হাইনেজের মৃত্যুর জন্য চরমপন্থা দায়ী, ইসলাম নয়।
হাইনেজের ভাই মাইক হাইনেজ বলেন, ‘এটা কোনো বর্ণ, ধর্ম, বা রাজনৈতিক ইস্যু নয়- এটা একটা মানবিক ইস্যু এবং এটা আমাদের দৈনন্দিন জীবনের ইস্যু।’
মাইক বলেন, ‘ আমি কোরআনের বহু আয়াত সম্পর্কে অবগত আছি যা এই সময়ের জন্য উপযোগী।’
সুরা হা-মীম সিজদার ৩৪ নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, ‘ভাল জিনিস ও মন্দ জিনিস এক সমান হতে পারে না। প্রতিহত করো তাই দিয়ে যা অধিকতর উৎকৃষ্ট। ফলে দেখো! তোমার মধ্যে ও তার মধ্যে শত্রুতা থাকলেও সে যেন ছিল অন্তরঙ্গ বন্ধু।’
মাইক বলেন, ‘ইসলামিক স্টেটের জন্য মুসলিম বিশ্বাস অথবা মধ্যপ্রাচ্যে জন্ম নেয়াটা দায়ী নয়।’
উল্লেখ্য, ইসলামিক স্টেটের যোদ্ধারা শনিবার আরো একটি শিরশ্ছেদের ভিডিও চিত্র প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, তারা ডেভিড হাইনেজের শিরশ্ছেদ করেছে। ৪৪ বছর বয়সী, বিহাহিত এবং দুই সন্তানের জনক হাইনেজকেগত বছরের মার্চে সিরিয়া থেকে অপহরণ করা হয়েছিল। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





