ভারতীয় উপমহাদেশে আল কায়েদার নতুন শাখার আত্মপ্রকাশের পর ব্যাপক সতর্ক অব্স্থায় রয়েছে দেশটি। কাশ্মীর, আসাম, গুজরাটসহ বেশ কয়েকটি প্রদেশে সতর্কতা বাড়ানো হয়েছে। বুধবার নতুন শাখার আত্মপ্রকাশের ঘোষণা দেন আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি। খবর এনডিটিভির।

উপমহাদেশে আল কায়েদার নতুন শাখা 'কায়েদাত আল-জিহাদ'-এর আত্মপ্রকাশের ঘোষণাটি আসে বুধবার। এ ব্যাপারে সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইট ও ইউটিউবে ৫৫ মিনিটের এক ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আইমান আল জাওয়াহিরির বলেই নিশ্চিত করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো।

ভিডিও বার্তায় কাশ্মীরসহ ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন জাওয়াহিরি। এ ছাড়া বাংলাদেশ ও মিয়ানমারেও তৎপরতা চালানোর ঘোষণা দেয়া হয়েছে। ভিডিও বার্তায় ভারতীয় উপমহাদেশে জিহাদের ডাক দিয়েছেন জাওয়াহিরি।

ভিডিওটি আরও বিশ্লেষণ করে দেখার জন্য ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোকে নির্দেশ দেয়া হয়েছে। ভিডিওটি কোন জায়গা থেকে পোস্ট অর্থ্যাৎ আপলোড করা হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশও দেয়া হয়েছে।

ভিডিওটিতে গুজরাটের দাঙ্গার বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। উল্লেখ্য, গুজরাটে ২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গায় এক হাজারেরও বেশি লোক নিহত হন। নিহতদের প্রায় সবাই মুসলিম। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী।

গুজরাটের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এসকে নন্দ রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে বলেন, "আল কায়েদার ভিডিও প্রকাশের পর আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে রাজ্যের যেকোন হুমকি মোকাবেলা করা হবে।" রাজ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি রাখা হয়েছে বলেও জানান তিনি। সূত্র: এনডিটিভি

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ