এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো উপকূলে চীনা সামরিক জাহাজের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আলাস্কা উপকূলে ভেসে বেড়ানো জাহাজগুলো আন্তর্জাতিক সীমানায় রয়েছে। খবর বিবিসির।
পেন্টাগনের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, বেরিং সাগরের আলস্কা উপকূলে সম্প্রতি চীনা নৌবাহিনীর পাঁচটি জাহাজ ঘুরতে দেখা গেছে। জাহাজগুলোকে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধের জেরে সমুদ্রে কার্যক্রম বাড়িয়ে দিয়েছে চীন।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে আলেতিয়ান দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে চীনা জাহাজগুলো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওগুলোর মধ্যে তিনটি যুদ্ধজাহাজ, একটি রসদ সরবরাহকারী ও অপরটি উভচর জাহাজ (স্থলযুদ্ধে ব্যবহারযোগ্য)।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন আলস্কা অঙ্গরাজ্যে তিনদিনের রাষ্ট্রীয় সফরে গেছেন এমন সময়ই চীনা জাহাজগুলো ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বিল আরবান বলেছেন, ‘বেরিং সাগরে চীনা পিপলস লিবারেশন আর্মি নেভি’র (পিএলএএন) জাহাজগুলোর ঘোরাফেরার ব্যাপারে আমরা সজাগ রয়েছি। এই প্রথম বেরিং সাগরে চীনা জাহাজের উপস্থিতি দেখা গেল।’
জাহাজগুলো আন্তর্জাতিক সমুদ্রসীমায় থাকায় ওগুলোকে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলেও প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
এএইচ





