সিরিয়ায় জাতিসঙ্ঘের প্রবর্তিত যুদ্ধবিরতিকে অর্থহীন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পূর্ব গৌতাসহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বাশার সরকারের অব্যাহত বোমা হামলার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
তুর্কি পার্লামেন্টে এরদোগান গতকাল বলেন, ‘পূর্ব গৌতায় যা চলছে তা সহ্য করা কঠিন, তারা মানবিকতার ধার ধারে না।'তিনি আরো বলেণ, ‘যে যুদ্ধবিরতি কার্যকর হয়নি, মানুষের কাছে তার কোনো মূল্য নেই।’
গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব গৌতায় যে ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সেটিকে উদ্দেশ করে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। আর এটি কার্যকর না হওয়ার জন্যও তিনি জাতিসঙ্ঘকে দোষী সাব্যস্ত করেন। এ জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের কাঠামোকেও দায়ী করেন তিনি।
প্রসঙ্গত ওই যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও বাশার বাহিনী ও তাদের মিত্র রাশিয়ার হামলায় গৌতায় ৭৫৬ জন নিহত হয়েছেন গত দুই সপ্তাহে।
রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতা এলাকাটিতে প্রায় চার লাখ লোকের বাস। ২০১৩ সাল থেকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে এটি। সরকার পাঁচ বছর ধরে অবরোধ করে রাখার পর গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে সেখানে বিমান হামলা শুরু করেছে।
এমআর





