চীনের গুয়াংডং প্রদেশের একটি বাড়ি থেকে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া প্রাণী ডাইনোসরের কঙ্কাল ও ২৩১ টি ডিমের ফসিল উদ্ধার করা হয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার গত বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিউয়ান শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ জুলাই অভিযান চালিয়ে কঙ্কাল ও ডিমগুলো জব্দ করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ফসিলগুলো ক্রিটাসিয়াস যুগের।

কঙ্কালটি পরীক্ষা করে তা সেরাটপসিয়ান ডাইনোসরের পিসিত্তাকোসারাস গোত্রের অন্তর্ভুক্ত বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।

গত জুনে একটি নির্মাণ প্রকল্পে প্রচুর সংখ্যক ডাইনোসরের ডিম পাওয়া যায়। স্থানীয়রা সেখান থেকে ডিমগুলো লুটপাট করে নিয়ে যায়। এরপর গত ২৮ জুলাই একই স্থানে আরও ডিম পাওয়া যায়।

এ ঘটনার পরদিনই ফসিলগুলো উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

চীনের হিউয়ান শহরটি ‘ডাইনোসরের শহর’ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে শহরটির বিভিন্ন স্থান থেকে প্রচুর সংখ্যক ডাইনোসরের ডিমের ফসিল পাওয়া গেছে।

ডাইনোসরের ১০ হাজারেরও বেশি ডিম সংগ্রহে রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে হিউয়ান জাদুঘর।

চীনে ডাইনোসরের ফসিলকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা ও এর বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ইনস্টিটিউট ও বিশেষজ্ঞরা ফসিলগুলো গবেষণার কাজে ব্যবহার করতে পারবেন।

জেডআই