মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন ব্রেনান তার ব্যক্তিগত ই-মেইলে মাঝে মধ্যে গোয়েন্দা নিরাপত্তা-সংক্রান্ত তথ্য আদান-প্রদান করেছেন। এমনটাই দাবি করেছে বিশ্বে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস।

গতকাল বুধবার এএফপির খবরে জানানো হয়, উইকিলিকস আবার যুক্তরাষ্ট্রের কিছু গোপন তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি, এসব তথ্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন ব্রেনানের ব্যক্তিগত ই-মেইল থেকে নেওয়া হয়েছে।

খবরে জানানো হয়, গোপন এই তথ্য প্রকাশের বিষয়টি মার্কিন গোয়েন্দা প্রধানকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। ভবিষ্যতে আরও কিছু তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে উইকিলিকস।

প্রথম দফায় নতুন করে যে ছয়টি নথি প্রকাশ করা হয়, এতে অতিগোপন কোনো তথ্য নেই। বেশির ভাগই ব্রেনানের ব্যক্তিগত পটভূমি অনুসন্ধানে করা প্রশ্নের খসড়া, যা ২০০৮ সালে করা হয়েছে। এসব নথির মধ্যে তাঁর বন্ধুদের তালিকা, পরিবার ও নিরাপত্তাবিষয়ক কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য রয়েছে। এই নথি ফাঁসের ব্যাপারে সিআইএ এখনো বিস্তারিত কিছু জানায়নি।

উইকিলিকসের ফাঁস করা গোপন নথিতে সিআইএর সাবেক পরিচালক জর্জ টেনেটের নাম ও ফোন নম্বর ছিল। টেনেট ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রেনানের ওই অ্যাকাউন্ট থেকে ২০০৮ সালে সিআইএর সঙ্গে দ্য অ্যানালাইসিস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের আইনি দ্বন্দ্বের বিষয়ে একটি ফ্যাক্স বার্তাও প্রকাশ করেছে উইকিলিকস।

১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া এক মার্কিন কিশোর ব্রেনানের এওএল ইমেইল হ্যাক করার দাবি করার এক দিন পর গত বুধবার উইকিলিকস ব্রেনানের এই গোপন নথি প্রকাশ করল।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে দিয়ে হইচই ফেলে দেয় উইকিলিকস। এরপর উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। গ্রেপ্তার এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ।

ইআর/এমএ