প্রতিশ্রুতি অনুযায়ী, পাকিস্তানে সেনাবাহিনীকে ৫০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জঙ্গি বিষয়ক প্রতিবেদনে পাকিস্তানের নেতিবাচক অবস্থান থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
অভিযোগ আছে, তালেবান সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই অভিযোগ আনে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম মেটিস বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি কোন পলিসি নয়, বাস্তবতা।’
মেটিস জানান, পাকিস্তান হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেয় নি। তাই ২০১৬ সালের কোয়ালিশন সাপোর্ট ফান্ডস-এর আওতাধীন তহবিল দিতে তিনি অপারগ।
ওই ফান্ডের মাধ্যমে পাকিস্তানকে ৯০০ মিলিয়ন ডলারের সহায়তা বরাদ্দ দেয় যুক্তরাষ্ট্র। সে অনুযায়ী, ইতোমধ্যেই ৫৫০ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে পাকিস্তান।
২০১৭ অর্থ বছরে প্রতিরক্ষামন্ত্রীর আনুকূল্য পেতে হলে পাকিস্তানকে হাক্কানি গ্রুপের বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ নিতে হবে।
তবে জানা গেছে, সামরিক সহায়তা বন্ধ করলেও পাকিস্তানের কাছে এফ-১৬ এর মতো যুদ্ধবিমান সহ সামরিক সরঞ্জাম বিক্রি ও বেসামরিক সহায়তা বন্ধ করবেনা যুক্তরাষ্ট্র।
তহবিল বন্ধ করে দেওয়ায় সার্বিকভাবে পাকিস্তানের সামরিক ব্যয়ে তেমন প্রভাব না পড়লেও এতে সন্ত্রাসবিরোধী অভিযানে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
জেড





