[b]তেহরান:[/b] আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র পরিদর্শকরা ইরানের গাচিন ইউরেনিয়াম খনি পরিদর্শন করবেন। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুয কামালভান্দি এ খবর জানিয়ে বলেছেন,২০১৩ সালের নভেম্বরে  আইএইএ’র সঙ্গে  ইরানের এক সমঝোতার ভিত্তিতে আগামী ২৯ জানুয়ারি ওই ইউরেনিয়াম খনি পরিদর্শন করবে আইএইএ।
ওই সমঝোতা চুক্তিতে বলা হয়েছে,ইরান স্বেচ্ছায় আইএইএ’কে  আরাক হেভিওয়াটার প্লান্ট এবং গাচিন ইউরেনিয়াম খনি পরিদর্শন করতে দেবে। আইএইএ’র নিরাপত্তা চুক্তি অনুযায়ী, ইরান এই সংস্থার পরিদর্শকদেরকে নিজের পরমাণু স্থাপনাগুলো দেখতে দিতে বাধ্য নয়। কিন্তু নিজের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে সব ধরনের অস্বচ্ছতা দূর করতে স্বেচ্ছায় এ পরিদর্শনের অনুমতি দিয়েছে। এর আগে গত ৮ ডিসেম্বর আইএইএ’র পরিদর্শকরা ইরানের আরাক হেভিওয়াটার প্লান্ট পরিদর্শন করেন।
কামালভান্দি আরো বলেছেন,ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে নভেম্বরে যে চুক্তি হয়েছিল, আসছে ২৪ জানুয়ারি তা বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতে আইএইএ’র নির্বাহী পরিষদের বৈঠকে বসার কথা রয়েছে। চুক্তিটি বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতে ইরান এবং  ছয় জাতিগোষ্ঠী আইএইএ’র প্রতি আহ্বান জানিয়েছে। আইএইএ ওই অনুরোধ গ্রহণ করেছে তবে এটি করতে হলে সংস্থার নির্বাহী পরিষদের অনুমোদন প্রয়োজন।
তেহরান এবং ছয় জাতিগোষ্ঠী আগামী ২০ জানুয়ারি থেকে ঐতিহাসিক ওই অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের কাজ শুরু করতে সম্মত হয়েছে। সূত্র: আইআরআইবি