একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার আহমেদ হোসেন দায়োকে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের পর এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের প্রতিক্রিয়া পাকিস্তান জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

ওই প্রতিক্রিয়ায় নিসার আলী বলেন, বাংলাদেশে যা ঘটছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় হলেও পাকিস্তান ১৯৭১ সাল ও পরবর্তী পর্যায়ের ঘটনাবলী নিয়ে চুপ থাকতে পারে না।

তিনি বলেন, “আমি এটা বুঝতে পারছি না, কেন বাংলাদেশ সরকার অতীতের কবর খুঁড়ে অশান্তি বাড়াচ্ছে এবং পুরনো ক্ষতগুলো আবার খুঁচিয়ে আলগা করছে।”

তার ওই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বাংলাদেশে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে রীতিমতো আলোচনার ঝড় ওঠে।

এদিকে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শীর্ষ জামায়াত নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চ পাকিস্তানের রাষ্ট্রদূতসহ কূটনৈতিকদের বহিষ্কারেরও দাবি জানায়।

উল্লেখ্য, একাত্তরে সশস্ত্র যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশের। ওই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর দোসর হয়ে যারা মানবতাবিরোধী অপরাধ চালিয়েছিল, তাদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দালাল আইনে তখন ৩৭ হাজার ব্যক্তিকে আটকও করা হয়। শুরু হয় বিচার প্রক্রিয়া। পরবর্তীতে বঙ্গবন্ধুর সাধারণ ঘোষণার মধ্য দিয়ে সেই বিচার কাজ তখনকার মতো বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে দীর্ঘ চার দশক পরে পুনরায় বিচার কাজ শুরু করে বর্তমান আওয়ামী লীগ সরকার। তাদের নির্বাচনী মেনিফেস্টোতেও এই বিচারের কথা বলা হয়েছিল।

তবে, শুরু থেকেই এই বিচারের নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

এরইমধ্যে বিচারের রায়ে জামায়াতের আমির মাওলানা নিজামীকে প্রাণদণ্ড দেয়া হয়েছে। প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার। এছাড়া আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় দিয়েছে আপিল বিভাগ। অপর শীর্ষ নেতা মীর কাসেম আলীকেও মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কেবি/জেআই