ইউক্রেনে সেনা পাঠানোর যে ক্ষমতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সংসদ। বুধবার রুশ সংসদের উচ্চকক্ষের ১৫৩ জন সাংসদ ম্যান্ডেট প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ছিলেন মাত্র একজন সদস্য।

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে রাশিয়ার একজন প্রভাবশালী আইন প্রণেতা জানিয়েছেন। ইউক্রেন রুশ সংসদের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইউক্রেন এটাকে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে রাশিয়ার পক্ষ থেকে প্রথম বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে গণ্য করছে। ভ্লাদিমির পুতিন তাকে দেয়া এ সংক্রান্ত ক্ষমতা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানানোর একদিন পর বুধবার দেশটির সংসদ এ পদক্ষেপ নিলো। 

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ গত ১ মার্চ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে সেনা মোতায়েন তথা সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা দিয়ে একটি আইন পাস করেছিল। ইউক্রেনে রুশপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করার ইউরোপীয় ষড়যন্ত্র ইস্যুতে কিয়েভের সঙ্গে মস্কোর যে টানাপড়েন সৃষ্টি হয়েছে, তারই জের ধরে এর আগে ক্রিমিয়াকে একীভূত করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে এখনও স্বাধীনতাকামী তৎপরতা চলছে। সেখানকার জনগণও স্বাধীনতা চাইছে। স্বাধীনতাকামীদের সঙ্গে এখনও ইউক্রেনের সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। সূত্র: আইআরআইবি।

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই