চীনা জাহাজের ধাক্কায় ভিয়েতনামের একটি মাছ ধরার জাহাজ ডুবে গেছে। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে চীনা তেলের রিগের মাত্র ১৭ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটছে বলে ভিয়েতনামের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন। তারা বলেছেন, গতকাল দুপুরের এ জাহাজ ডুবিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। ডুবিয়ে দেয়ার আগে মাছ ধরার জাহাজটিকে অন্তত ৪০টি চীনা জাহাজ ঘিরে ফেলেছিল। অবশ্য ডুবে যাওয়া মাছ ধরার জাহাজের ১০ জেলের সবাইকে উদ্ধার করেছে অন্য কয়েকটি ভিয়েতনামি জাহাজ এবং তারা নিরাপদে আছেন। চীন এখনো এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত হাইইয়াং শিইউ ৯৮১ ব্লগে তেলের রিগ স্থাপনের বিরুদ্ধে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে ভিয়েতনাম। এ নিয়ে যখন দেশ দুইটির মধ্যে উত্তেজনা তুঙ্গে এ ঘটনা ঘটল। এর আগে দুই দেশের জাহাজের মধ্যে বেশ কয়েক দফা ধাক্কা দেয়ার বা পানি কামান ছোঁড়ার ঘটনা ঘটলেও তা ডুবে যাওয়ার পর্যায়ে যায় নি। এদিকে, চীন এ রিগ সরিয়ে নিতে অস্বীকার করার পর চলতি মাসের গোড়ার দিকে ভিয়েতনামে চীন বিরোধী ভয়াবহ বিক্ষোভ এবং দাঙ্গা হয়েছে। এতে অন্তত দুই চীনা নাগরিক নিহত ও অনেক চীনা কারখানা পুড়িয়ে দেয়া হয়েছে। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]