তুরস্কে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। বাসটি মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ২৬ জন।
পরিচয় পাওয়া না গেলেও নিহত অভিবাসীদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগানিস্তানি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ জানায়, অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।
ইরান সীমান্তের কাছের মুরাদিয়ে জেলা থেকে অবৈধ এই অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল বলে জানা যায়। সাধারণত ওই মিনিবাসে ১৭ থেকে ১৮ জনের আসনের ব্যবস্থা আছে। কিন্তু বাসটিতে ৬৭ জন যাত্রীকে তোলা হয়েছিল।
ইরান-তুরস্ক সীমান্তের ভ্যান প্রদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় বিভিন্ন দেশের অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা। বিশেষ করে গ্রীসে যাওয়ার জন্য সবচেয়ে সহজ রুট হচ্ছে এটি।
এর আগে, গত ২৬ জুন তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের এডির্নে শহরে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি মিনিবাস দুর্ঘটনার কবলে পড়ে। যাদের গন্তব্যস্থল ছিলো গ্রীস। এতে পাকিস্তান এবং ভারতের অন্তত ১০ নাগরিক নিহত হয়।
জেড





