পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ শুক্রবার আদালতে হাজিরা দিয়েছেন। দুর্নীতির অভিযোগে তাঁকে পদচ্যুত করা হয় এবং তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।নওয়াজ শরিফের স্ত্রী ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে। গতকাল বৃহস্পতিবার নওয়াজ শরিফ ইসলামাবাদে পৌঁছান।

লন্ডন থেকে পাকিস্তানে যাওয়ার আগে নওয়াজ শরিফ গণমাধ্যমকে বলেন, ‘স্ত্রীর কেমোথেরাপি চলা সত্ত্বেও ভুয়া একটি মামলায় হাজিরা দিতে তাঁকে পাকিস্তানে যেতে হচ্ছে।

’নওয়াজ শরিফের আইনজীবী খাজা হারিস এএফপিকে বলেন, ইসলামাবাদে সংক্ষিপ্ত শুনানি শেষে কড়া নিরাপত্তার মধ্যে আদালত ত্যাগ করার আগে নওয়াজ শরিফ ৫০ লাখ রুপির মুচলেকা দেন। ৭ নভেম্বর আবার আদালত বসবে।

২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন। আদালতে হাজিরা না দিতে পারায় অক্টোবর মাসের শুরুতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পদচ্যুত হওয়ার পর নওয়াজ শরিফের ঘোষণা অনুযায়ী তাঁর দলের অনুগত শহীদ খোকন আব্বাসি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। নওয়াজের ছোট ভাই শাহবাজ এখন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী।

পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছে, পরবর্তী সাধারণ নির্বাচনে নওয়াজকে কেন্দ্রে রেখে নির্বাচনী প্রচার চালাতে চায় তাঁর দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

এমএ