ইরাকের উত্তরাঞ্চলীয় তিকরিত শহরের নিয়ন্ত্রণ নিতে বিদ্রোহীদের ওপর অভিযান চালানো শুরু করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে তিকরিতের একটি বিশ্ববিদ্যালয়ে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

শহরটির নিয়ন্ত্রণে থাকা আইএসআইএল’র (ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত) সঙ্গে শুক্রবার তাদের প্রচণ্ড যুদ্ধ হয়েছে। খবর আলজাজিরার।

এক ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর হেলিকপ্টার শহরটির আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। সেখান থেকে সেনা কমান্ডোদের নামতে দেখা গেছে। এ ছাড়া অভিযানে একটি যুদ্ধবিমানও অংশ নিয়েছে। ভিডিওতে শহরটিতে ব্যাপক ক্ষয়-ক্ষতির চিত্র দেখা গেছে।

এ ছাড়া ওই অঞ্চলে বিদ্রোহীরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে বলেও জানা গেছে।

গত বৃহস্পতিবার সেনাবাহিনী বায়জিতে অবস্থিত দেশটির সবেচেয়ে বড় তেল শোধনাগার নিয়ন্ত্রণে নেওয়ার এক ভিডিও প্রকাশের পর তিকরিতে এ অভিযান চালানো হল।

এদিকে ১০ ও ১১ জুন আইএসআইএল’র হাতে বন্দি হওয়া সেনা সদস্যদের মধ্যে অন্তত ১৯০ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সূত্র: আলজাজিরা

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ