থাই সেনাপ্রধান জেনারেল প্রেথান চান-ওচা নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এ ঘোষণা দেন তিনি। এর আগে ২০ মে দেশটিতে সামরিক আইন জারি করে সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে বিতর্কিত অ্যামনেস্টি বিল নিয়ে শুরু হওয়া সহিংসতায় ২৮ জন নিহত হওয়ার পর দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সামরিক আইন জারি করা হয় বলে সেনাবাহিনী জানিয়েছিল। এদিকে ক্ষমতাসীন সেনাবাহিনীর সঙ্গে ইংলাক সিনাওয়াত্রার পরিবারের সদস্যরা শুক্রবার সকালে দেখা করেছেন। এর আগে তাদের দেখা করার জন্য তলব করে সেনাবাহিনী। এ নিয়ে থাইল্যান্ডে আট বছরের মধ্যে দুইবার সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটল। ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন। থাকসিনের ক্ষমতাচ্যুতির পর দেশটির রাজনীতিতে বিভাজন দেখা দেয়। ২০০৮ সালে থাকসিনবিরোধীরা ব্যাংকক বিমানবন্দরে তাকে অবরুদ্ধ করে রাখেন। ২০১০ সালে থাকসিন সমর্থকরা দুই মাসব্যাপী বিক্ষোভ করে পুরো ব্যাংকক শহর অচল করে দেয়। সামরিক হস্তক্ষেপের মাধ্যমে এই বিক্ষোভ শেষ হয়। দুই মাসব্যাপী অবস্থান বিক্ষোভে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এরপর ২০১১ সালে থাকসিনের বোন ইংলাক ক্ষমতায় আসার পর দেশটির রাজনীতিতে স্থিরতা আসে। তবে গত বছরের নভেম্বরে বিতর্কিত অ্যামনেস্টি বিল নিয়ে ফের বিক্ষোভ শুরু হয়। ওই অ্যামনেস্টি বিলে বলা হয় ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রাকে দেশে ফিরে দুর্নীতির মামলায় সাজা ভোগ করতে হবে না। বিলটি থাই পার্লামেন্টের উচ্চকক্ষে পাস না হলেও বিরোধীরা আগাম নির্বাচনের জন্য চাপ দিতে থাকে। চাপের মুখে ইংলাক ২ ফেব্রুয়ারি আগাম নির্বাচন দিলেও বিরোধীরা ওই নির্বাচন বর্জন করে। ওই নির্বাচনে ইংলাকের পুয়ে থাই পার্টি বিজয়ী হয়। তবে চলতি বছরের ২১ মার্চ দেশটির সাংবিধানিক আদালত ওই নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন। এদিকে চলতি বছরের ৭ এপ্রিল ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির দায়ে ইংলাকসহ তার মন্ত্রিসভার ৯ সদস্যকে বরখাস্ত করে সাংবিধানিক আদালত। ইংলাক সরকারের বাণিজ্যমন্ত্রী নিওয়াত্তুমরং বুনসংপাইসানকে অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয় আদালত। এদিকে ইংলাকের বরখাস্তের প্রতিবাদে তার সমর্থকরা বিক্ষোভ শুরু করে। অন্যদিকে ইংলাক বিরোধীরাও তার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ডাক দেয়। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে আট বছরের মধ্যে দ্বিতীয়বার সামরিক আইন জারি করা হয়। সূত্র : এনবিসি নিউজ [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]