ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক ব্যক্তিদের হতাহতের প্রতিবাদে আজ সোমবার থেকে দু’দিনের বনধ পালন করা হচ্ছে। গতকাল রোববার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ বিক্ষোভকারী নিহত হয় এবং সামরিক ও বেসামরিক ব্যক্তিসহ কমপক্ষে ১১৭ জন আহত হয়।

ওই ঘটনার প্রতিবাদে হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়্যেদ আলীশাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং জেকেএলএফ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিকসহ সমস্ত আন্দোলনকারীদের পক্ষ থেকে আজ (সোমবার) এবং আগামীকাল (মঙ্গলবার) কাশ্মির বনধের ডাক দেয়া হয়েছে।

আজ বনধের ফলে কাশ্মির উপত্যাকায় সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি দফতর বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহন চলাচলও বন্ধ। নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর-বাডগাম এবং বারামুল্লাতে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে সমস্ত স্পর্শকাতর এলাকায় পুলিশ এবং প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে। গোলযোগপূর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে আগেই নির্বাচন বয়কটসহ বনধের ডাক দেয়া হয়েছিল। এদিন কমপক্ষে ২০০ টি স্থানে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটে। আজ সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তিরা দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানের একটি স্কুলে আগুন ধরিয়ে দেয়। আগামী বুধবারের নির্বাচনের জন্য সেটি নির্বাচনি বুথ করা হয়েছিল।

এদিকে, চলমান উত্তেজক পরিস্থিতিতে সেখানে আগামী বুধবার অনন্তনাগ কেন্দ্রের উপনির্বাচন স্থগিত করে দেয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন পিডিপি প্রার্থী ও মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির ভাই তাসাদ্দুক মুফতি। আজ সোমবার তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ওই আবেদন জানান। তাসাদ্দুক মুফতি অনন্তনাগ কেন্দ্রে কংগ্রেস নেতা জি এ মীরের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ