রাম মন্দির নির্মাণের দাবিতে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) ও শিবসেনার কর্মসূচিকে ঘিরে ভারতের অযোধ্যায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার (২৪ নভেম্বর) সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রবিবার (২৫ নভেম্বর) অযোধ্যায় এই দুই সংগঠনেরই কর্মসূচি রয়েছে। কর্মসূচিকে ঘিরে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই দেশটির প্রশাসন এই সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, শনিবার অযোধ্যায় দুই দিনের সফরে আসছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

জানা গেছে, রাম মন্দিরের দাবিতে অযোদ্ধার ২৮৮টি বিধানসভা কেন্দ্রে প্রার্থনার আয়োজন করবে শিবসেনা।

এনডিটিভি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শনিবার সকালেই অযোধ্যা জাংশন স্টেশনে ২৫ হাজার শিবসেনা সমর্থক নেমেছেন। অন্যদিকে একইদিনে অযোধ্যায় বিক্ষোভ সমাবেশ করবে আরএসএস।

অযোধ্যা পুলিশের অনুমান, রবিবার আরএসএস ও শিবসেনার অনুষ্ঠান উপলক্ষে উত্তরপ্রদেশের এই শহরে লক্ষাধিক লোকের সমাবেশ হতে পারে।