ইহুদিবাদী ইসরাইলের একটি নজরদারি ড্রোন শনিবার লেবাননের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে ড্রোনটি লেবাননের আকাশসীমায় ঢুকেছিল। নজরদারি তৎপরতা চালানোর পর লেবাননের উপকূলীয় বন্দরনগরী ত্রিপোলির কাছে বিধ্বস্ত হয় এটি। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ড্রোনটি বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে বলে লেবাননের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র বলেছে, আট মিটার পানির নীচ থেকে ড্রোনটিকে উদ্ধার করা হয়েছে।

অবশ্য ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে লেবাননে দ্বিতীয়বার ইহুদিবাদী ইসরাইলের ড্রোন বিধ্বস্ত হল। গতমাসে লেবাননের বেকা উপত্যকার পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয় ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন। বিধ্বস্ত ড্রোনটির ধ্বংসাবশেষ যাতে কেউ হাতিয়ে নিতে না পারে সেজন্য গত ২১ জুন হামলা চালিয়ে ড্রোনটির ধ্বংসাবশেষ নষ্ট করে দেয় ইসরাইলি জঙ্গি বিমান।

অবশ্য ড্রোনটির ডানা এবং ভাঙাচোরা ধাতব খণ্ডের ভিডিও ফুটেজ প্রচার করেছে লেবাননের আল-মানার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।

জেডআই