পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। লাল মসজিদের ইমাম গাজী আবদুর রাশিদ হত্যা মামলায় মঙ্গলবার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
লাল মসজিদ মামলার শুনানি ছিল মঙ্গলবার। এসময় মোশাররফের আইনজীবী আগামী ২ এপ্রিল পর্যন্ত মামলার শুনানি স্থগিতের আবেদন করেন। ইসলামাবাদের অতিরিক্ত সেশন জজ ওয়াজিদ আলি খান তা নাকচ করে দিয়ে মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ ২ এপ্রিল ধার্য্য করা হয়েছে।
লাল মসজিদ মামলার কার্যক্রম বর্তমানে পাকিস্তানের সুপ্রিম কোর্টে অপেক্ষমাণ তালিকায় রয়েছে। এর মধ্যে বিচারক কীভাবে এমন আদেশ দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মোশাররফের আইনজীবী।
প্রসঙ্গত, ২০০৭ সালে পাকিস্তানি সেনাবাহিনী লাল মসজিদে হামলা চালায়। ওই সময় গাজী আবদুর রাশিদসহ শতাধিক মানুষ নিহত হয়। ২০১৩ সালে রাশিদ ও তার স্ত্রীকে হত্যার অভিযোগে মোশররফকে আসামি করে মামলা দায়ের করা হয়।
জেএ





