ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে নির্মাণাধীন ১২ তলা ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

ধসে পড়া ভবনটি থেকে ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের ভেতরে এখনও ৫ জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধ্বংসস্তূপ কেটে পথ তৈরি করে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়াদের সাহায্যের জন্য আর্তনাদ শোনা যাচ্ছিল।

ধসে পড়া ভবনটির বাসিন্দাদের অধিকাংশই অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল থেকে চেন্নাইয়ে কাজ করতে আসা নির্মাণ শ্রমিক। এসব ‍নির্মাণ শ্রমিকের অনেকেই তাদের মজুরি সংগ্রহের জন্য ভবনটিতে গিয়েছিলেন।

ভবনটি ধসে পড়ার সময় এতে ৭২ জন নির্মাণ শ্রমিক অবস্থান করছিলেন বলে গত রবিবার জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। কাঠামোগত ত্রুটি ও অনুমোদনহীন নকশার কারণেই এই ধসের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ধ্বংসস্তূপ সরানো বড় ধরনের চ্যালেঞ্জ বলে এনডিটিভিকে জানিয়েছেন উদ্ধারকাজে দায়িত্ব পালন করা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ভবন নির্মাণের নীতিমালা ভঙ্গের অভিযোগে ভবনটির প্রোমোটার, ইঞ্জিনিয়ারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চেন্নাইয়ের মুগালিভাক্কাম এলাকায় শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ভারি বর্ষণের মধ্যে ওই নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে।

গত শনিবারেই রাজধানী নয়াদিল্লিতে ৫০ বছরের পুরনো একটি ভবন ধসে ১১ জন নিহত হয়েছেন। সূত্র: এনডিটিভি

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই