প্রার্থীতা ঘোষণার পর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে প্রধান প্রধান প্রদেশগুলোতে আগাম প্রচারণা শুরু করেছেন মার্কিন সাবেক ফার্স্ট লেডি এবং পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন। এদিকে গত রবিবার প্রার্থীতা ঘোষণা দেয়ার পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান ক্লিনটন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন হিলারি। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে আইওয়া থেকেই প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন হিলারি। সেখানে পথে হেঁটে হেঁটে ছোট ছোট দলে বিভক্ত ভোটারদের কাছে যাবেন তিনি।
ট্যুইট বার্তা তিনি লিখেছেন, পথ সফর শুরু! বিকেলে এক অসাধারণ পরিবারের সাথে দেখা হল, আশা করছি এমন আরো অনেক পরিবারের দেখা মিলবে। এ সপ্তাহের পরে তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে সাক্ষাত্ করবেন। এছাড়া আগামী কয়েক সপ্তাহ তৃণমূলের সমর্থন পাওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন হিলারি। মে মাসের মাঝামাঝি তার এ প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে। এই মাসে দলীয়ভাবে তার প্রার্থীতা ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার বিকেলে নিজ ওয়েবসাইটে দেয়া এক ভিডিওতে, ইমেইলে ও ফেইসবুক, ট্যুইটার ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রার্থীতার ঘোষণা দেন সাবেক এই ফার্স্ট লেডি।
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট ওবামার কাছে হেরে গেলেও পরবর্তীতে হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেন ওবামা। ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু এবার হিলারি প্রেসিডেন্ট হলে তিনিই হবেন বিশ্বের অন্যতম পরাশক্তি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট। আর টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে তার দল ডেমোক্রেটিক পার্টি।
এদিকে পারিবারিক প্রতিষ্ঠান ক্লিনটন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে হিলারি বলেন, আমি ক্লিনটন ফাউন্ডেশনে থাকাকালে এবং এর একজন কর্মী হিসেবে যখন দৈনন্দিন কাজ করেছি তখন আমি সর্বান্তকরণে আত্মনিয়োগ করেছিলাম। আজ আমি সেই বোর্ড থেকে পদত্যাগ করছি। ক্লিনটনের পারিবারিক এ ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। ২০০১ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর তহবিল প্রায় ২শ’ কোটি মার্কিন ডলার।
জেআই





