ভারতের অন্যতম ঐতিহাসিক পর্যটন স্থাপনা তাজমহলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তাজমহলের ভেতরে বোমা আছে জানিয়ে ফোনে হুমকি আসার পরে পুরো তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে।

ফোন দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, ফোনে হুমকি পাবার পরে কোনও ঝুঁকি না নিয়ে পুরো চত্বর খালি করা হয়েছে। আপাতত দর্শকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আগ্রার এই বিশ্বখ্যাত সৌধে। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে তল্লাশি চালাচ্ছে বিশেষজ্ঞ বম্ব স্কোয়াডের সদস্যরা।

ভারতীয় পুলিশ জানিয়েছে, ফোন দেবার অভিযোগে আটক হওয়া ওই যুবক ফিরোজাবাদের বাসিন্দা। পুলিশের জেরায় ওই ব্যক্তি জানিয়েছে, সেনাবাহিনীতে চাকরি না পেয়ে সে হুমকি দিয়ে ফোন করে।

জানা গিয়েছে তাজমহলের পূর্ব ও পশ্চিম প্রবেশ পথ বন্ধ করে রাখা হয়েছে। সমস্ত চত্বরটিই ভালো করে খুঁজে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কিছু পাওয়া যায় নি। সেই মুহূর্তে প্রায় হাজার জন পর্যটক ছিলেন তাজমহলে। তাদের মুহূর্তের মধ্য়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।


এএস