লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র কোনো ভবিষ্যত নেই এবং তাদের পরাজয় নিশ্চিত। পবিত্র আশুরা উপলক্ষে এক শোকানুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন তিনি।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, সিরিয়ায় যা ঘটে চলেছে তা মহাবিজয়। কারণ এর ফলে সন্ত্রাসীদের হাতে গোটা মধ্যপ্রাচ্যের পতন ঠেকানো সম্ভব হবে না। হিজবুল্লাহর মুজাহিদরা সিরিয়া যুদ্ধে অংশ নিচ্ছে বলে তিনি আবারো ঘোষণা করেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “মধ্যপ্রাচ্যের সবচেয়ে মারাত্মক বিপদ মোকাবেলার যে যুদ্ধ চলছে আমরাও তার অংশ।”

তিনি আরো বলেন, সিরিয়ার বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আমেরিকা ও তার মিত্রদের ব্যাপক ষড়যন্ত্র সত্ত্বেও ওই সরকারের পতন হয়নি। তাকফিরি সন্ত্রাসীরা এখন আর সিরিয়ার পতন ঘটাতে পারবে না।

একইসঙ্গে তিনি বায়তুল মোকাদ্দাস তথা ফিলিস্তিনে ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানান। তিনি আরো বলেন, দখলদার ইসরাইল আল-আকসা মসজিদকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। কাজেই এর মোকাবেলায় বিশ্বের সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে।তেহরান রেডিও

ইআর