ইটালির বন্দরনগরী ভেনিসে একটি মুসলিম জাদুঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এনরিকো লেট্টা। বুধবার কাতার সফরকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
লেট্টা বলেন, "ইটালি সরকার ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে একটি ইসলামিক মিউজিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি গৃহীত হলে আগামী ৬-৭ মাসের মধ্যেই এটি চালু হতে পারে।"
এদিকে, ভেনিসের মেয়র জিওর্জিও ওরসোনি প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ভেনিসের সবচেয়ে সুন্দর এলাকায় নির্মিত হবে জাদুঘরটি। এটি শহরটির ইতিহাসের একটি প্রতীক হয়ে থাকবে। এর মাধ্যমে এটিই প্রমাণিত হবে যে, আমাদের এখানে সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির সুন্দর পরিবেশ বিদ্যমান।
প্রধানমন্ত্রী লেট্টা জানিয়েছেন, আরব কোন দেশ চাইলে জাদুঘরটি নির্মাণে অর্থ সহায়তা করতে পারে। তবে, সাংস্কৃতিক বিষয়টি থাকবে সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে।
এদিকে, ভেনিসে ইসলামিক জাদুঘর নির্মাণের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির খ্রিস্টান উগ্রবাদী সংগঠন নর্দার্ন লীগ। তারা এটিকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, বরং টাকা উপার্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করছেন।
এদিকে, পার্লামেন্টে সিনেটর মাসিমো বিটোন্সি, যাকে পার্লামেন্টে নর্দার্ন লীগের কণ্ঠ হিসেবে মনে করা হয় তিনি বলেছেন,  "প্রধানমন্ত্রী লেট্টা ইসলামিক মিউজিয়াম নির্মাণের মাধ্যমে ইটালিতে ইসলামকে বিকাশ করতে চাচ্ছেন। তার উচিত ইসলামের প্রসার না ঘটিয়ে দেশের অর্থনীতির দিকে মনোযোগ দেয়া।"
এদিকে, নর্দার্ন লীগের একজন সদস্য লরেনঝো ফনটানা জানিয়েছেন, তারা যেকোন মূল্যে ইসলামিক মিউজিয়াম নির্মাণ ঠেকিয়ে দেবেন। তারা মিউজিয়াম নির্মাণের জায়গায় অবরোধ তৈরি করে রাখবেন।
উল্লেখ্য, খ্রিস্টান প্রধান দেশটিতে প্রায় ১২ লক্ষ মুসলমানের বাস। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক হচ্ছেন ধর্মান্তরিত মুসলিম। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]