ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে শুক্রবার একটি অভ্যন্তরীণ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

নর্থ মালুকু প্রদেশের টার্নেট দ্বীপে অবস্থিত মাউন্ট গামালামা নামের আগ্নেয়গিরি থেকে বৃহস্পতিবার রাতে অগ্ন্যুৎপাত হয়। অগ্নিগিরিটি আকাশে কয়েকশ’মিটার উঁচুতে ছাঁই উদগীরণ করে। একদিন পরেও আগ্নেয়গিরিটি থেকে ছাই উদগীরণ হচ্ছে।

পরিবহন মন্ত্রণালয় জানায়, ওই এলাকা থেকে এ পর্যন্ত কাউকে সরে যেতে বলা হয়নি। তবে আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত টার্নেট শহরের বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র জে এ রারাতা বলেন, আমরা আজ সকালে সুলতান বা’বুলাহ বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছি। কারণ, আগ্নেগিরিরির ছাঁই বিমানের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

তিনি আরো বলেন, বিমানবন্দরের এয়ারফিল্ড ছাইয়ের পুরো আস্তরণে ছেয়ে আছে। রারাতা বলেন, আর অগ্ন্যুৎপাত না হলে রোববার বিমানবন্দরটি আবার খুলে দেয়া হতে পারে।

আগ্নেয়গিরি মনিটরিং পোস্টের কর্মকর্তা ডার্নো লামেন বলেন, শুক্রবার আগ্নেয়গিরিটি থেকে ৬০০ মিটার উঁচুতে ছাই উদগীরণ হয়।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বলেন, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির আশপাশে হাঁটতে যাওয়া ১২ জন লোক নিরাপদে চলে আসতে সক্ষম হন। তবে কয়েকজন আহত হয়েছেন।

মনসুর মাহলি এএফপিকে বলেন, ‘আগ্নেয়গিরির ঢাল বেয়ে হুড়মুড় করে নামতে গিয়ে একজন আহত হয়েছেন। এদের মধ্যে হাঁড় ভাঙ্গার জন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএ