ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হতে পারে।

এই বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসই আলোচনা করতে পারেন বলে মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিয়মিত এক সংবাদ সম্মেলনে কাশ্মীর নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে মহাসচিব সব সময় সংলাপের ওপর গুরুত্ব দিয়ে এসেছেন। এছাড়া চলমান সংকট নিরসনের অংশ হিসেবে ওই অঞ্চলটির লোকজনের মানবাধিকার বিষয়টিকেও সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত।

মুখপাত্র আরও বলেন, কাশ্মীর বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবগত রয়েছেন বলে জানিয়েছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বৈঠক চলাকালে তিনি প্রসঙ্গটি তুলতে পারেন।

এর আগে বুধবার কাশ্মীর ইস্যুতে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার ওপর ‘জোর দিয়েছিলেন’ জাতিসংঘ মহাসচিব।

তিনি জানান, যদি দুই পক্ষই আলোচনায় বসতে তাদের সাহায্য চায় তাহলে জাতিসংঘ সাহায্য করবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার।

তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে। এর ফলে কাশ্মিরে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং সম্ভাব্য গোলযোগ প্রতিহত করতে সেখানে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়।

এমবি