ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল টানা চতুর্থবারের মতো বিজয়ী হচ্ছেন। আজ রবিবার অনুষ্ঠিত নির্বাচনের আগে জরিপের ফলে তিনিই এগিয়ে আছেন।

জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে তার জয়ের বিষয়টি প্রায় নিশ্চিত। দ্বিতীয় অবস্থানে থাকতে পারেন প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সভাপতি মার্টিন শুলত্জ। নির্বাচনের একদিন আগে গতকাল শনিবার প্রকাশিত জরিপে এই তথ্য উঠে এসেছে।

সর্বশেষ জরিপ অনুযায়ী মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এবং সহযোগী ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) পেতে যাচ্ছে ৩৬ দশমিক ৩ শতাংশ ভোট।

প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) পাবে ২২ দশমিক ১ শতাংশ ভোট। এএফডি পেতে পারে ১০ দশমিক ৪ শতাংশ ভোট।

নির্বাচনে সহযোগী ব্যাভারিয়া রাজ্যের ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)।

তবে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে। এ বছরের জার্মান নির্বাচনে ভোটার সংখ্যা ৬ কোটি ১৫ লাখ। কিন্তু আসলে এর কতো ভাগ ভোটার যাচ্ছেন ভোট দিতে তা নিয়ে চলছে জল্পনা।

শরণার্থী ইস্যু, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবারের নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পেয়েছে। ২০০৫ সালের ফেডারেল নির্বাচনে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন আঙ্গেলা মার্কেল।
জেড